নরসিংদী রায়পুরার বাঁশগাড়িতে চেয়ারম্যান আশরাফুল হক ও চেয়ারম্যান প্রার্থী রাতুল হাসান জাকিরের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন- বাঁশগাড়ি ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫), একই এলাকার মৃত হেকিম মিয়ার ছেলে সালাউদ্দিন (৩০) ও ওই এলাকার হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৬)।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
এলাকাবাসী জানান, রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ. লীগ সমর্থিত প্রার্থী আশরাফুল হক ও সতন্ত্র প্রার্থী রাতুল হাসান জাকিরের সমর্থকদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নির্বাচনে ভোট শুরু হওয়ার পূর্বে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়। একই ঘটনায় ১০-১৫ জন আহত হয়েছে। বর্তমানে নৌকা প্রার্থীর লোকজনকে কেন্দ্রে দেখা যাচ্ছে না বললেই চলে। কিন্তু বর্তমানে নির্বাচন চলমান রয়েছে।
এ বিষয়ে ওসি তদন্ত গোবিন্দ সরকার জানান, ২ জন নিহতের খবর শুনেছি। তবে এখন পর্যন্ত প্রমাণ পায়নি। বাঁশগাড়িতে যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।